দেব ও রুক্মিণীর প্রেমের ছবি 'কিশমিশ'। দীর্ঘ সাত বছর পর এই ছবির জন্য জুটি বেঁধেছেন দুজনে। কিছু দিন আগেই সামনে এসেছে ছবির পোস্টার ও ট্রেলার। এবার লঞ্চ করল ছবির দ্বিতীয় গান। নতুন গানের নাম 'অবশেষে'। এই গানে সম্পূর্ণ আলাদা লুকে দেখতে পাওয়া গিয়েছে দেব ও রুক্মিণীকে। আগের গানে একটি অন্য লুকে ছিলেন তাঁরা। এবার আরেকটি লুক। অরিজিৎ সিং-এর গাওয়া গানটি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সব মাধ্যমে।
গানটি কম্পোজ করেছেন নীলায়ন চট্টোপাধ্যায়। অনেক দিন পর দেবকে রোমান্টিক ছবিতে দেখবেন দর্শকরা। দেব ও রুক্মিণী ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মালিয়া, খরাজ মুখোপাধ্যায় ও ঋজু ধীবর, অঞ্জনা বসু, পরাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে দেব-এর প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেইনমেন্ট ভেনঞ্চার্স' ও এম.কে.মিডিয়া। ‘কিশমিশ’ বড় পর্দায় মুক্তি পাবে ২৯ এপ্রিল।
In English

