নতুন চমক নিয়ে পর্দায় ফিরেছে 'মন্টু পাইলট'। ২০১৯ সালে প্রথম সিজন মুক্তি পেয়েছিল এই ওয়েব সিরিজের। যেখানে প্রধান চরিত্র অর্থাৎ 'মন্টু'র ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা সৌরভ দাসকে। এবার প্রায় আড়াই বছর পর ওটিটির দুনিয়ায় ফিরে আসছে 'মন্টু পাইটল'। তবে এবার অনেকটাই বদলে গিয়েছে মন্টুর জীবন। এই গল্পে এবার নতুন চরিত্রদের আগমন ঘটেছে। এই চরিত্রগুলির মধ্যে অন্যতম হল ‘বহ্নি’। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এই চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারের এক দৃশ্যে দেখা গিয়েছে মন্টু নীলকুঠিতে এক নতুন মেয়েকে নিয়ে এসেছে। তারপর সেই মেয়ে এখানেই আটকে রাখা হয়। নীলকুঠির পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাও করে সে। কিন্তু তার আগে নানা ঘটনা ঘটে যায়। এই সব ঘটনা জানতে হলে দেখতে হবে 'মন্টু পাইলট'-এর দ্বিতীয় সিজন।
সিরিজের প্রথম সিজনের গল্প শুরু হয়েছিল ছোট মন্টু ও তার মাকে নিয়ে। সেই গল্প অনুযায়ী ছোট বয়স থেকেই মন্টুর স্বপ্ন ছিল বিমানচালক বা পাইলট হওয়ার। যদিও তার সেই স্বপ্ন পূরণ হয়ে নীলকুঠিতে মেয়েদের নিয়ে আসাই তার একমাত্র কাজ হয়ে উঠেছিল। কিন্তু তার জীবনে প্রেমের আবির্ভাব ঘটেছিল ভ্রমরের হাত ধরে। তবে নতুন সিজনের ট্রেলারে ভ্রমরকে দেখা যায়নি। আগামী ২৯ এপ্রিল ওটিটিতে মুক্তি পেতে চলেছে 'মন্টু পাইলট'।
সৌরভ দাস, রাফিয়াত রশিদ মিথিলা ছাড়া এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ, শোলাঙ্কি রায়, কাঞ্চন মল্লিক, অলিভিয়া সরকার, সুব্রত দত্ত ছাড়া আরও অনেকে। প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনের পরিচালনা করেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য।
দ্বিতীয় সিজনে সৌরভ আর মিথিলার নতুন লুক দর্শকদের আশ্চর্য করবেই।
In English

