বয়স হয়েছে তো কি হয়েছে? দুই সন্তানের মা হয়েও মেরি কম এর ধার যে এতটুকুও কমেনি তা বোঝা গেল সদ্য ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হওয়া ২৩তম প্রেসিডেন্ট কাপে। কার্যত ঘাম না ঝরিয়েই একের পর এক প্রতিপক্ষকে পরাস্ত করে এই টুর্নামেন্টে সোনা জিতলেন ৩৬ বছরের এই মহিলা বক্সার। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া মহিলা বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপ এর আগে কিছু টুর্নামেন্ট জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার লক্ষ্যেই তিনি এই টুর্নামেন্টে অংশগ্রহন করেছিলেন। আর তাতে যে তিনি সফল হয়েছেন তা বলাই বাহুল্য।
রবিবার ইন্দোনেশিয়ার লাবুয়ান বাজো শহরে আয়োজিত মহিলাদের ৫১ কেজি বিভাগের ফাইনালে অস্ট্রেলিয়ার এপ্রিল ফ্র্যাঙ্কসকে ৫-০ ব্যবধানে পরাস্থ করে সোনার পদকটি নিজের দখলে করলেন মেরি। মে মাসে ইন্ডিয়ান ওপেন বক্সিং টুর্নামেন্ট জিতলেও একই মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়া এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে বিরতি নেন মেরি কম। যাতে আসন্ন বিশ্বচ্যাম্পিয়নশিপ ও অলিম্পিকের আগে তিনি নিজেকে ফিট রাখতে পারেন।
প্রেসিডেন্টস কাপ জেতার পর মেরি কম নিজের টুইটার পেজে নিজের কোচ ও সাপোর্ট স্টাফকে ধন্যবাদ জানান। পাশাপাশি সেই টুইটে তিনি মেনশন করেন ভারতীয় বক্সিং ফেডারেশন, সাই অ্যাকাডেমি ও দেশের ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুকে।
গত বছর দিল্লিতে নিজের দীর্ঘ কেরিয়ারের ষষ্ঠ বিশ্বচ্যাম্পিয়নশিপ খেতাব জেতার পর লক্ষ্য থাকবে সংখ্যাটিকে ৭ এ নিয়ে যাওয়ার। এবারের বিশ্বচ্যাম্পিয়নশিপ এর মাধ্যমেই মেরি ২০২০ এর টোকিও অলিম্পিক্স এ সুযোগ পাওয়ার আশায় রয়েছেন মেরি কম। রাশিয়ার ইয়েকাটেরিনবার্গ শহরে এবারের বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের ৭ থেকে ২১ তারিখ পর্যন্ত।
In English

