সম্প্রতি ট্রেলার মুক্তি পেয়েছে অভিনেতা দেবের নতুন ছবি 'কিশমিশ'-এর। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের এই ছবিতে দেব-এর বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। এই ছবিতে অনেক দিন পর আবার দেব-রুক্মিণীর জুটি দেখতে পাবেন দর্শকরা। ছবিতে দেবের চরিত্রের নাম কৃশানু ওরফে টিনটিন। আর রোহিণীর চরিত্রে অভিনয় করবেন রুক্মিণী। প্রথম দেখাতেই কলেজ টপার রোহিণীর প্রেমে পড়ে যায় টিনটিন।অন্যদিকে টিনটিন ফেলুদা নয়, ফেলু-দা। অর্থাৎ পড়াশুনায় ভালো নয় টিনটিন।
টিনটিনের স্বপ্ন কার্টুনিস্ট হওয়ার। তাই প্রথমে ঝগড়া দিয়ে শুরু হয় টিনটিন ও রোহিণীর প্রেম। তারপর এভাবেই এগিয়ে চলে তাদের প্রেম। কিন্তু রোহিণী নিজেই ভেঙে দেয় এই প্রেমের সম্পর্ক। রোহিণীর এই প্রত্যাখ্যান মেনে নিতে পারেনি টিনটিন। টিনটিন এই পরিস্থিতিতে কী করবে? তা জানতে হলে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে 'কিশমিশ' ছবিটি।
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনায় নির্মিত এই ছবিতে সিনেমাটোগ্রাফারের দায়িত্ব সামলেছেন মধুরা পালিত, মিউজিকের দায়িত্বে রয়েছেন নীল চট্টোপাধ্যায়। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পরান বন্দোপাধ্যায়, খরাজ ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ২৯ এপ্রিল মুক্তি পাবে 'কিশমিশ'।
In English

