প্রসাদের যোগ্য জবাব

বিশ্বকাপের দল নির্বাচন, সকলেই ভেবেছিল ভারতের ১৫ জনের স্কোয়াডে নাম থাকবে অম্বাতি রায়ডুর। গত মরশুমে ভারতের সীমিত ওভারের ক্রিকেটে প্রায় প্রতিটি ম্যাচই ৪ নম্বরে নামতেন রায়ডু। একপ্রকার তাকেই বিশ্বকাপের ৪ নম্বর হিসেবে বাছাই করেছিল সকলে। কিন্তু ১৫ জনের মূল স্কোয়াডে রায়ডু না থাকায় অবাক হয়েছিলেন অনেকেই। ত্রিমাত্রিক খেলার ধরণের জন্য রায়ডুর জায়গায় বিজয় শঙ্করকে বেছে নেওয়া হয়েছে, এমনটাই বলেছিলেন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। যার দরুণ দল নির্বাচনের পরেই রায়ডু টুইট করেন, “এক্ষুনি নতুন থ্রিডি গ্লাস অর্ডার করলাম বিশ্বকাপ দেখার জন্য”। আর এই টুইটের পরেই ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছিল, নির্বাচকের ব্যাপারে এরকম টুইট করে রায়ডু কি নিজেই নিজের জন্য জাতীয় দলের দরজা বন্ধ করে দিলেন? শিখর ধাওয়ান ও বিজয় শঙ্করের চোট পাওয়ার পরেও অম্বাতি রায়ডুকে না নেওয়া নিয়ে জল্পনাটি আরও জোড়ালো হয়েছিল। একপ্রকার তারই দরুণ ৩ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরও নিয়ে নেন রায়ডু। আর এতদিন পর রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল নির্বাচনের পর সাংবাদিক সম্মেলনে রায়ডুর সেই টুইটটি নিয়ে বলেন মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ।

রায়ডুর ব্যাপারে প্রশ্ন করা হলে প্রসাদ জানান, “টুইটের কথায় আসতে গেলে, টুইটটি খুবই ভালো ছিল এবং আমি খুব উপভোগ করেছি। সত্যি বলতে গেলে, এই টুইটটি যথেষ্ট সময়োপযোগী ছিল। জানি না কিভাবে এটি তার মাথায় এল কিন্তু আমি এটি দারুণ উপভোগ করেছি”।

এটা শেয়ার করতে পারো

...

Loading...